গ্রামীণফোনের ডিজিটাল ওয়ালেট সেবা ‘জিপে (GPAY)’ বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত এক নোটিশে জানানো হয়েছে, আগামী ৩০ জুন ২০২৬ তারিখ থেকে জিপে সেবাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হবে। ফলে সেবাটির সঙ্গে যুক্ত গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের ওয়ালেটে থাকা ব্যালেন্স ব্যবহার করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্মানিত গ্রাহকবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জিপে (GPAY) সেবাটি আগামী ৩০ জুন ২০২৬ তারিখ থেকে বন্ধ হয়ে যাবে। তাই গ্রাহকদের সুবিধার্থে অনুরোধ করা যাচ্ছে যে, উক্ত সময়ের মধ্যে নিজ নিজ ওয়ালেটে থাকা ব্যালেন্স ব্যবহার করে নেওয়ার জন্য।”

এই ঘোষণার পর জিপে ব্যবহারকারীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে যেসব গ্রাহক নিয়মিত বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট বিল পরিশোধ বা মোবাইল রিচার্জের জন্য জিপে ব্যবহার করতেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

গ্রামীণফোনের তথ্য অনুযায়ী, জিপে ছিল একটি মোবাইল ওয়ালেটভিত্তিক সেবা, যার মাধ্যমে গ্রাহকরা বিদ্যুৎ, গ্যাস, পানি, ব্রডব্যান্ড ইন্টারনেট, কেবল টিভিসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ করতে পারতেন। এছাড়া মোবাইল রিচার্জ, ভয়েস ও ডাটা প্যাক কেনার সুবিধাও ছিল এই প্ল্যাটফর্মে। অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের পাশাপাশি *৭৭৭# ডায়াল করেও সেবাটি ব্যবহার করা যেত।

যদিও গ্রামীণফোন এখনো জিপে বন্ধের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে ডিজিটাল পেমেন্ট খাতে প্রতিযোগিতা বৃদ্ধি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের দ্রুত সম্প্রসারণের কারণে অনেক প্রতিষ্ঠান তাদের পুরোনো সেবাগুলো পুনর্বিন্যাস করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বর্তমানে দেশে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি ব্যাংক ও ফিনটেক প্রতিষ্ঠানের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের ব্যবহারও বেড়েছে। ফলে অপেক্ষাকৃত সীমিত পরিসরে পরিচালিত কিছু সেবার কার্যক্রম বন্ধ বা পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

জিপে ব্যবহারকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ৩০ জুনের আগেই ওয়ালেটে থাকা অর্থ ব্যবহার বা নিষ্পত্তি করা। নির্ধারিত সময়ের পর সেবা বন্ধ হয়ে গেলে ব্যালেন্স ব্যবহারের প্রক্রিয়া বা বিকল্প ব্যবস্থা সম্পর্কে গ্রামীণফোনের পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখতে হবে।

গ্রাহকদের সর্বশেষ তথ্য জানার জন্য গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইট এবং গ্রাহকসেবা চ্যানেল অনুসরণ করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!