অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপপর্বের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে লিওনেল স্কালোনির দল। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে দাপুটে জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার লক্ষ্য নিয়েই অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।
তবে জয় পাওয়া একাদশে একটি পরিবর্তন আসতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রামে রাখা হতে পারে। তার পরিবর্তে ডানপ্রান্তে শুরু থেকেই খেলতে পারেন নাহুয়েল মোলিনা।
এ ছাড়া স্কালোনি প্রথম ম্যাচের মূল একাদশের ওপরই আস্থা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গোড়ালির চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন হুলিয়ান আলভারেজ। তাকে শুরুর একাদশে নেওয়ার আলোচনা থাকলেও আপাতত লাউতারো মার্টিনেজের জায়গা হারানোর সম্ভাবনা কম।
মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ত্রয়ীই থাকছেন বলে মনে করা হচ্ছে। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজকে দেখা যেতে পারে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা/নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!