দেশের শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা দ্রুত বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৈধ ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানো অর্থের পরিমাণও। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসেই (জুলাই-এপ্রিল) উচ্চশিক্ষার ব্যয় বাবদ বিদেশে পাঠানো অর্থের পরিমাণ ৭৩ কোটি ডলার ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার কোটি টাকার সমান।

খাতসংশ্লিষ্টদের মতে, এটি দেশের ইতিহাসে উচ্চশিক্ষা খাতে বৈদেশিক মুদ্রা বহির্গমনের অন্যতম সর্বোচ্চ রেকর্ড। অর্থবছরের বাকি দুই মাসের হিসাব যুক্ত হলে এ ব্যয় ১০০ কোটি ডলার বা ১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষণে দেখা গেছে, বিদেশে উচ্চশিক্ষার জন্য ব্যয় হওয়া অর্থের পরিমাণ এখন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক বরাদ্দকেও ছাড়িয়ে যাওয়ার পথে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য মোট বরাদ্দ ছিল ১০ হাজার ৮০২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, ২০১৯-২০ অর্থবছরে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানো অর্থের পরিমাণ ছিল ২১ কোটি ৮০ লাখ ডলার। এরপর ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে হয় ২৪ কোটি ৩১ লাখ ডলার। ২০২১-২২ অর্থবছরে এই ব্যয় দাঁড়ায় ৪১ কোটি ৪৫ লাখ ডলারে। ২০২২-২৩ অর্থবছরে ৫২ কোটি ৮ লাখ এবং ২০২৩-২৪ অর্থবছরে ৫৩ কোটি ৩২ লাখ ডলার বিদেশে পাঠানো হয়। ২০২৪-২৫ অর্থবছরে এ অঙ্ক বেড়ে দাঁড়ায় ৬৬ কোটি ২৩ লাখ ডলারে। আর চলতি অর্থবছরের মাত্র ১০ মাসেই তা ৭৩ কোটি ৬ লাখ ডলারে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে পড়তে যাওয়ার প্রবণতা বাড়ার পেছনে দেশের শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা, গবেষণার সুযোগের অভাব এবং আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের আকাঙ্ক্ষা বড় ভূমিকা রাখছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর মতে, দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও সুযোগ-সুবিধা পর্যাপ্ত না হওয়ায় অনেক শিক্ষার্থী বিদেশমুখী হচ্ছেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে মালয়েশিয়া। ‘এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৪০১ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। গত এক বছরে নতুন ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৫ শতাংশ বেড়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রেও বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। ‘ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ ২০২৫’ অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২০ হাজার ১৫৬ জনে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বের ৫৫টি দেশে উচ্চশিক্ষার জন্য গেছেন ৫২ হাজার ৭৯৯ জন বাংলাদেশি শিক্ষার্থী। এক দশক আগে ২০১৩ সালে এ সংখ্যা ছিল ২৪ হাজার ১১২ জন। অর্থাৎ ১০ বছরের ব্যবধানে বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী মনে করেন, শিক্ষার পাশাপাশি উন্নত কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশাও তরুণদের বিদেশমুখী হওয়ার অন্যতম কারণ হয়ে উঠেছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!