শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে দেশের বিভিন্ন ব্যাংক স্কুল ব্যাংকিং কর্মসূচি পরিচালনা করছে। ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জনতা ব্যাংকসহ অধিকাংশ ব্যাংক শিক্ষার্থীদের জন্য বিশেষ এই ব্যাংকিং সুবিধা দিয়ে থাকে।

অল্প বয়সে সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যতে অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ে। এ কারণে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে এবং সঞ্চয়ের প্রতি আগ্রহী করে তুলতে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে দেশে লাখো শিক্ষার্থীর নামে ব্যাংক হিসাব রয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন বৃত্তির অর্থও অনেক ক্ষেত্রে এসব হিসাবে জমা হয়।

স্কুল ব্যাংকিং কী
স্কুল ব্যাংকিং হলো শিক্ষার্থীদের জন্য বিশেষ ধরনের সঞ্চয়ী হিসাব। সাধারণত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ হিসাব খুলতে পারে। বেশিরভাগ ব্যাংকে অল্প পরিমাণ অর্থ জমা দিয়েই হিসাব চালু করা যায়। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সাধারণত তিন থেকে সাত কার্যদিবসের মধ্যে হিসাব খোলা হয়।

কী কী সুবিধা পাওয়া যায়

স্কুল ব্যাংকিং হিসাবের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন সুবিধা পেয়ে থাকে। যেমন—

  1. ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে।
  2. ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ মেলে।
  3. তুলনামূলক কম খরচে হিসাব পরিচালনা করা যায়।
  4. ডেবিট কার্ড, এসএমএস ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং সুবিধা পাওয়া যায়।
  5. ভবিষ্যতের শিক্ষা বা অন্যান্য প্রয়োজনের জন্য অর্থ সঞ্চয় করা সহজ হয়।
  6. সরকারি ও বেসরকারি বৃত্তির অর্থ গ্রহণে সুবিধা হয়।

হিসাব খুলতে যা লাগে

স্কুল ব্যাংকিং হিসাব খোলার জন্য সাধারণত নিচের কাগজপত্র প্রয়োজন হয়—

  1. শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদের কপি।
  2. শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র বা প্রত্যয়নপত্র।
  3. শিক্ষার্থী ও অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি।
  4. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি।
  5. নমিনির তথ্য।
  6. ব্যাংকের নির্ধারিত আবেদনপত্র।

যা জানতে হবে
স্কুল ব্যাংকিং হিসাব খোলার আগে কয়েকটি বিষয় জেনে নেওয়া জরুরি। যেমন—

  1. কোন ব্যাংকে কত টাকা দিয়ে হিসাব খোলা যায়।
  2. ন্যূনতম জমার পরিমাণ ও সেবা মাশুল কত।
  3. মাসে সর্বোচ্চ কত টাকা উত্তোলন করা যাবে।
  4. মোবাইল বা অনলাইন ব্যাংকিং সুবিধা রয়েছে কি না।
  5. ১৮ বছর পূর্ণ হওয়ার আগে হিসাব পরিচালনায় কোনো সীমাবদ্ধতা আছে কি না।
  6. হিসাবে জমা অর্থের সঠিক ব্যবহার ও সঞ্চয় পরিকল্পনা সম্পর্কে সচেতন থাকা।

৩ হাজার কোটি টাকার বেশি আমানত

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে কার্যরত ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি ব্যাংক বর্তমানে স্টুডেন্ট বা স্কুল ব্যাংকিং সেবা দিচ্ছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে শিক্ষার্থী ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬২ লাখ ৭৩ হাজার। এসব হিসাবে শিক্ষার্থীদের জমাকৃত মোট আমানতের পরিমাণ প্রায় ২ হাজার ৯১০ কোটি টাকা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!