টানা দুই বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর আবারও নকআউট পর্বে ফেরার স্বপ্ন দেখছে জার্মানি। আর সেই স্বপ্নের অন্যতম কারিগর ডেনিজ উন্দাভ। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয়ে জোড়া গোল করে জার্মানদের নতুন নায়ক হয়ে উঠেছেন এই ফরোয়ার্ড।
তবে উন্দাভের বর্তমান সাফল্যের গল্পটা মোটেও সহজ ছিল না। একসময় ভোর ৪টায় ঘুম থেকে উঠে কারখানায় কাজ করতে হতো তাকে। দিনের আট ঘণ্টা শ্রম দেওয়ার পর ছুটতেন ফুটবল অনুশীলনে। জীবিকার তাগিদে কারখানার চাকরি আর ফুটবল—দুই পথই একসঙ্গে সামলাতে হয়েছে তাকে।
কয়েক মাস আগেও জার্মানির বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। এমনকি জাতীয় দলের কোচ জুলিয়ান নাগেলসমানের সঙ্গে একবার প্রকাশ্য বিতর্কেও জড়িয়েছিলেন উন্দাভ। এক ম্যাচে বদলি নেমে শেষ মুহূর্তে গোল করার পর তিনি বলেছিলেন, শুরু থেকেই খেলার যোগ্যতা তার রয়েছে। জবাবে নাগেলসমান মন্তব্য করেছিলেন, শুরু থেকে খেললে হয়তো সেই গোলটি করতে পারতেন না উন্দাভ।
তবে মাঠের পারফরম্যান্স দিয়েই সমালোচনার জবাব দিয়েছেন এই ফরোয়ার্ড। আইভরি কোস্টের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর নাগেলসমানও স্বীকার করেছেন, তাকে শুরুর একাদশে রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
উন্দাভের সংগ্রামের শুরু আরও আগে। মাত্র ১৪ বছর বয়সে জার্মান ক্লাব ভের্ডার ব্রেমেন তাকে জানিয়ে দিয়েছিল, ছোটখাটো গড়নের কারণে তার ভবিষ্যৎ নেই। সেই প্রত্যাখ্যান অনেককে ভেঙে দিলেও উন্দাভ হাল ছাড়েননি।
১৭ বছর বয়সে পরিবার ছেড়ে জার্মানির চতুর্থ বিভাগের ক্লাব হাভেলসেতে যোগ দেন তিনি। সপ্তাহে মাত্র ১২০ পাউন্ড আয় হতো। ফুটবল থেকে পাওয়া অর্থে জীবন চালানো সম্ভব না হওয়ায় কারখানায় কাজ করতে বাধ্য হন।
এক সাক্ষাৎকারে নিজের সেই কঠিন সময়ের কথা স্মরণ করে উন্দাভ বলেন, “ভোর ৪টায় ঘুম থেকে উঠতাম। কারখানায় যেতাম, তারপর অনুশীলনে। রাত ৮টার দিকে বাসায় ফিরতাম। পরদিন আবার একই রুটিন। বেঁচে থাকার জন্যই কাজটা করতে হয়েছে।”
২০২০ সালে বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সেন্ট-জিলোয়াজে যোগ দেওয়ার পর তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে। এরপর ধাপে ধাপে ইউরোপের ফুটবলে নিজের অবস্থান শক্ত করেন তিনি।
এখন সেই ডেনিজ উন্দাভই বিশ্বকাপ মঞ্চে জার্মানির ভরসার নাম। কারখানার কর্মী থেকে বিশ্বকাপের নায়ক হয়ে ওঠা এই ফরোয়ার্ডের গল্প ফুটবলপ্রেমীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!