নতুন অর্থবছরের বাজেট ঘোষণার পর সাধারণত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দাম বাড়ার প্রবণতা দেখা যায়। তবে এবার তার ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে রাজধানীর বাজারগুলোতে। ঈদুল আজহার পর কিছু পণ্যের দাম বাড়লেও বর্তমানে বেশিরভাগ সবজির দাম কমেছে। একই সঙ্গে কমেছে ডিম ও মুরগির দামও, ফলে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবজির সরবরাহ বেড়েছে। এর প্রভাবে অধিকাংশ সবজির দাম এখন ৫০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে। করলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ টাকা, বরবটি ৬০ টাকা, মুলা ৫০ টাকা, লতি ৬০ টাকা এবং ধুন্দুল ৫০ টাকায়।

এ ছাড়া পেঁপে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা, পটল ৬০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা এবং কচুরমুখী ৫০ টাকায় বিক্রি হচ্ছে। গাজরের দাম তুলনামূলক বেশি, প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা।

বাজারে লাউ বিক্রি হচ্ছে প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায়। আলুর দাম কেজিপ্রতি ২৫ টাকা এবং ধনেপাতা প্রতি আঁটি ১০ টাকা। গোল ও লম্বা বেগুনের দামও একই, কেজিপ্রতি ৬০ টাকা। শসা বিক্রি হচ্ছে ৫০ টাকায় এবং কাঁচামরিচের দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে।

পেঁয়াজের বাজারেও কিছুটা স্বস্তি মিলেছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বড় আকারের লেবু প্রতি হালি ২০ টাকা এবং ছোট লেবু ১০ টাকায় পাওয়া যাচ্ছে।

মুরগির বাজারে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম রয়েছে কেজিপ্রতি ৩২০ টাকা। ডিমের দামও তুলনামূলক কমেছে। বর্তমানে ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

ঈদের পরও গরুর মাংসের দামে বড় কোনো পরিবর্তন হয়নি। রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস কেজিপ্রতি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাছের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৩๐ টাকা, রুই ২৬০ থেকে ৩৫০ টাকা এবং মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি বিভিন্ন মাছের দামও আগের মতোই রয়েছে। তবে চিংড়ির বাজারে দাম তুলনামূলক বেশি। আকার ও জাতভেদে প্রতি কেজি চিংড়ি কিনতে ৫৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতেও সবজি ও ডিম-মুরগির বাজার স্থিতিশীল থাকতে পারে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!