দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে টেকনো। ‘টেকনো স্পার্ক ৫০ প্রো’ নামের এই ফোনটির অন্যতম আকর্ষণ হলো পানির নিচেও কাজ করার সক্ষমতা এবং বিশেষ ড্রপ প্রোটেকশন প্রযুক্তি। প্রতিষ্ঠানটির দাবি, ফোনটি ৬ মিটার গভীর পানিতেও সচল থাকতে পারে। ফলে অসাবধানতাবশত পানিতে পড়ে গেলেও সহজে নষ্ট হওয়ার আশঙ্কা নেই।

শুধু পানিরোধী সুবিধাই নয়, স্মার্টফোনটিতে রয়েছে উন্নত ড্রপ রেজিস্ট্যান্স ও ড্রপ প্রোটেকশন প্রযুক্তি। এর ফলে হাত থেকে পড়ে গেলেও ফোনের ক্ষতি বা দৃশ্যমান দাগ পড়ার ঝুঁকি অনেক কমে যায়।

টেকনো স্পার্ক ৫০ প্রোতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির বড় ডিসপ্লে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা আরও মসৃণ হবে। পাশাপাশি উচ্চ রেজোলিউশনের কনটেন্টও স্বচ্ছভাবে উপভোগ করা যাবে।

অডিও অভিজ্ঞতা উন্নত করতে ফোনটিতে ডিটিএস সাউন্ড প্রযুক্তিসমৃদ্ধ ডুয়েল স্পিকার এবং নয়েজ ক্যানসেলেশন সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে কোলাহলপূর্ণ পরিবেশেও স্পষ্ট শব্দ শোনা যাবে।

ফোনটিতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৬০ ওয়াট সুপার চার্জিং প্রযুক্তি। ফলে দ্রুত চার্জ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব হবে।

পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট প্রসেসর। ফোনটি ৬ জিবি ও ৮ জিবি র‍্যামের দুটি সংস্করণে পাওয়া যাবে। স্টোরেজ হিসেবে রয়েছে ১২৮ জিবি ধারণক্ষমতা।

ফটোগ্রাফির জন্য পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ প্রধান ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফলে ছবি ও ভিডিও ধারণে ভালো পারফরম্যান্স পাওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা এই স্মার্টফোনে এআইভিত্তিক একাধিক সুবিধাও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই রাইটিং, এআই প্রবলেম সলভিং এবং এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট।

টেকনো জানিয়েছে, সংস্করণভেদে স্পার্ক ৫০ প্রোর প্রারম্ভিক দাম রাখা হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!