বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ার পর দলটির পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই লক্ষ্যে হাইতির বিপক্ষে একাদশে পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

আগামীকাল ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, দলকে আরও কার্যকর ও আক্রমণাত্মক করতে কিছু পরিবর্তন আনা হবে। যদিও কোন কোন পজিশনে পরিবর্তন আসছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ।

আনচেলত্তি বলেন, “আমরা কিছু পরিবর্তন করব। খেলার মান আরও উন্নত করতে চাই। আমরা আরও ভালো করতে পারি এবং সেটাই করতে হবে।”

মরক্কোর বিপক্ষে ম্যাচে রাফিনিয়া, কাসেমিরোসহ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিজেদের সেরাটা দিতে পারেননি। এ কারণে ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। দেশটির সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, এক সাংবাদিককে আনচেলত্তি মজা করে বলেছিলেন, চার থেকে পাঁচটি পরিবর্তন আসতে পারে। পরে অবশ্য তিনি এটিকে রসিকতা বলেই উল্লেখ করেন।

বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের প্রথম ম্যাচে ব্যর্থতা খুবই বিরল ঘটনা। ১৯৩৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পায়নি সেলেসাওরা। মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর অনেক সমর্থকই এটিকে হারের সমান হতাশাজনক ফল হিসেবে দেখছেন।

তবে আনচেলত্তি মনে করেন, প্রথম ম্যাচের ফলাফল দিয়েই পুরো টুর্নামেন্ট বিচার করা ঠিক হবে না। তিনি বলেন, “প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স প্রত্যাশার নিচে ছিল। ব্রাজিলের জার্সি গায়ে খেলার চাপ হয়তো কিছুটা প্রভাব ফেলেছে। কিন্তু প্রথম ম্যাচ দিয়েই বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না। যারা ভালো খেলতে পারেনি, তাদের আরও সুযোগ দিতে চাই।”

দলের নির্দিষ্ট কোনো কৌশলগত পরিচয় নেই—এমন সমালোচনারও জবাব দিয়েছেন ব্রাজিল কোচ। তাঁর মতে, আধুনিক ফুটবলে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আনচেলত্তি বলেন, “আমি দলের কোনো একক পরিচয় চাই না। আমি চাই আমার দল সব পরিস্থিতিতে সব ধরনের ফুটবল খেলতে পারুক।”

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৬টায় শুরু হবে। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!