চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আগামী ১৫ দিনের জন্য পাউরুটি সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় খাবার সরবরাহ করে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামের একটি বেসরকারি সংস্থা।

ইউএনও মারুফ আফজাল বলেন, বুধবার সদর উপজেলার সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ফিডিংয়ের ডিম ও পাউরুটি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর জরুরি সভায় আগামী ১৫ দিনের জন্য পাউরুটি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটি ডিম ও কলা সরবরাহ করতে পারবে। এসব খাদ্যসামগ্রী অভিভাবকদের সমন্বয়ে গঠিত কমিটি যাচাই-বাছাই করে গ্রহণ করবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা যে খাবার খেয়ে অসুস্থ হয়েছে, তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য ঢাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এর আগেও একই প্রতিষ্ঠানের সরবরাহ করা খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছিল। সে সময়ও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনো প্রতিবেদন হাতে আসেনি।

এদিকে সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুরুল হোদা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ওসি একরামুল হোসাইন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বুধবার দুপুরে স্কুল ফিডিং প্রকল্পের ডিম ও পাউরুটি খাওয়ার পর ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ১০ জনকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি হলে বৃহস্পতিবার বিকেলে সব শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

ঘটনার প্রকৃত কারণ জানতে খাদ্যের নমুনা পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!