বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে আবারও দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস (Quacquarelli Symonds) প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২৭’-এ বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে দেশের প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগের দুই বছরেও কিউএস র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয় ছিল প্রতিষ্ঠানটি।

কিউএসের সর্বশেষ মূল্যায়নে বিশ্বের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সম্পৃক্ততা, কর্মসংস্থান সক্ষমতা ও টেকসই উন্নয়নসহ মোট ৯টি সূচকের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং তৈরি করা হয়।

প্রকাশিত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক (Overall) স্কোর দাঁড়িয়েছে ২৮ দশমিক ৩। একাডেমিক সুনাম বা অ্যাকাডেমিক রেপিউটেশন সূচকেও বিশ্ববিদ্যালয়টি ২৮ দশমিক ৩ স্কোর অর্জন করেছে, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

কর্মসংস্থান ফলাফল (Employment Outcomes) সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৫ দশমিক ০ স্কোর অর্জন করেছে। এতে বোঝা যায়, বিশ্ববিদ্যালয়টির স্নাতকদের চাকরির বাজারে গ্রহণযোগ্যতা ও সাফল্যের হার বেশ শক্তিশালী। একই সঙ্গে নিয়োগদাতাদের দৃষ্টিতে সুনাম (Employer Reputation) সূচকে ৫০ দশমিক ৮ স্কোর পেয়েছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর ৬১ দশমিক ১। এছাড়া টেকসই উন্নয়ন সূচকে (Sustainability) অর্জন করেছে ৬০ দশমিক ৬ স্কোর। এসব সূচক আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়টির সক্রিয় ভূমিকার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

তবে আন্তর্জাতিক শিক্ষক ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতের মতো সূচকে তুলনামূলক কম স্কোর পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষক অনুপাত সূচকে স্কোর ২ দশমিক ০ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত সূচকে ১ দশমিক ৪। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং সাইটেশনস পার ফ্যাকাল্টি সূচকেও উন্নতির সুযোগ রয়েছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে ধারাবাহিক অগ্রগতির ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষণা ও বৈশ্বিক সহযোগিতা আরও বাড়ানোর মাধ্যমে র‌্যাঙ্কিংয়ে অবস্থান উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!