এখন থেকে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় দেশের সব সাধারণ শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এতদিন বিভিন্ন শিক্ষাবোর্ড নিজস্ব প্রশ্নপত্রে পরীক্ষা নিলেও নতুন এই সিদ্ধান্তে সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। আসন্ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর চূড়ান্ত আয়োজন সম্পর্কে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডে প্রশ্নপত্রের মান ও কঠিনতার ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। কোনো বোর্ড তুলনামূলক সহজ প্রশ্ন করে, আবার কোনো বোর্ড অপেক্ষাকৃত কঠিন প্রশ্ন দেয়। এক দেশে একই পাবলিক পরীক্ষা ভিন্ন প্রশ্নপত্রে হওয়া যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইংরেজি মাধ্যমের ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষা একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়। বাংলাদেশেও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র চালুর মাধ্যমে মূল্যায়ন ব্যবস্থায় আরও সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী চলতি বছরের এসএসসি পরীক্ষা নিয়েও কথা বলেন। তিনি জানান, সবার সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এ সময় সেশনজট কমিয়ে আনার উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অযথা বিলম্ব কমাতে সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ কারণে পরীক্ষার সময়সূচিও আগেভাগে ঘোষণা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে এবং এইচএসসি পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে বলে আগেই জানানো হয়েছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও আগে থেকেই প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!