নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম-এর একটি কথিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওটিতে পুলিশ সদস্যদের উদ্দেশে তাকে বিভিন্ন মন্তব্য করতে শোনা গেছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। ভাইরাল হওয়া অডিওতে একজন বক্তাকে বলতে শোনা যায়, ‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা। আমরা কেউ কাউকে ঠকাবো না, সবাই মিলেমিশে চলবো।’ এছাড়া বিভিন্ন অভিযোগ, তদন্ত ও থানার অভ্যন্তরীণ সমন্বয় সম্পর্কেও নানা মন্তব্য শোনা যায়।
অডিওতে আরও দাবি করা হয়, পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে এবং কেউ যেন কাউকে বঞ্চিত না করে সে বিষয়েও বক্তব্য দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান সময়ে গণমাধ্যমের তৎপরতার বিষয়টিও উল্লেখ করা হয়।
তবে ভাইরাল হওয়া অডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কোনো ফরেনসিক পরীক্ষার মাধ্যমেও এর সত্যতা নিশ্চিত করা হয়নি।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম দাবি করেছেন, ভাইরাল হওয়া অডিওতে থাকা বক্তব্য তার নয়। কীভাবে এমন একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।
অন্যদিকে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেছেন, বিষয়টি তার নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ৫ মে চোরাই পথে আনা ভারতীয় প্রসাধনী ছাড় করিয়ে দেওয়ার বিষয়ে ঘুষের দর-কষাকষির একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় এবং পরদিন তৎকালীন ওসিকেও বদলি করা হয়।
সূত্র: জাগো নিউজ।