মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আগামী ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। ২০২৬ সালে ভর্তিকৃত ও অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আবেদনের শেষ সময় ছিল ১৪ জুন। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ট্রাস্টের তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ভর্তিকৃত ও অধ্যয়নরত শিক্ষার্থীরা এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্য এবং মেধাবী শিক্ষার্থী হতে হবে।
আবেদনের কয়েকটি শর্ত হলো— মেধাবী শিক্ষার্থী হিসেবে আবেদন করতে হলে পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ পদ্ধতিতে অন্তত ৩ দশমিক ৫০ অর্জনের প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী বা অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারের সন্তান এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র আপলোড করতে হবে।
এ ছাড়া মা-বাবা বা অভিভাবকের বার্ষিক আয় তিন লাখ টাকার বেশি হলে আবেদন করা যাবে না। আবেদনকারীদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্রও জমা দিতে হবে, যাতে পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি উল্লেখ থাকবে।
আবেদনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধনের কপি, মা ও বাবার জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষার্থীর ছবি এবং শিক্ষার্থী অথবা তার মা-বাবার অনলাইন ব্যাংক হিসাবের তথ্য আপলোড করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আবেদন গ্রহণ করা হবে না।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, পুরো কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনপত্রের কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করলেই তা বিবেচনায় নেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক কারণে যাতে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যোগ্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
উপবৃত্তি–সংক্রান্ত তথ্য বা সহায়তার জন্য ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে অফিস চলাকালে যোগাযোগ করা যাবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!