বিশ্বকাপের মঞ্চে স্বপ্নের মতো শুরু করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর জয়ের নায়ক ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। তিনটি গোলই করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া মেসির বাঁ পায়ের শক্তিশালী শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাত ছুঁয়ে জালে জড়ায়। সেই গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা।

জাতীয় দলের হয়ে নিজের ২০০তম ম্যাচ খেলতে নামা মেসি এরপর দ্বিতীয়ার্ধে আরও দুইবার আলজেরিয়ার জালে বল পাঠান। ৬০ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে সহজেই গোল করেন তিনি। এরপর ৭৬ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক।

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন মেসি। ফলে তিনি কিলিয়ান এমবাপ্পে, গার্ড মুলার এবং ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে ছাড়িয়ে গেছেন। এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির সমান গোল রয়েছে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার। আর একটি গোল করলেই এককভাবে শীর্ষে উঠে যাবেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আরেকটি গুরুত্বপূর্ণ রেকর্ডও নিজের করে নিয়েছেন মেসি। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করে তিনি টুর্নামেন্ট ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার হয়েছেন। এর আগে রেকর্ডটি ছিল পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে।

শুধু তাই নয়, পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তিতেও রোনালদোর পাশে নাম লিখিয়েছেন মেসি। ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে গোল করেছেন তিনি। যা তার দীর্ঘ ও সফল ক্যারিয়ারের আরেকটি অনন্য অর্জন।

ম্যাচের প্রথম গোল করার পর দেখা যায় আবেগঘন এক দৃশ্য। গোল উদযাপনের সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে মেসির চোখের জল। বিশ্বকাপে নিজের শেষ অধ্যায়ের সম্ভাব্য শুরুতে এমন পারফরম্যান্স হয়তো তাকে আবেগাপ্লুত করে তুলেছিল।

আর্জেন্টিনার জন্য এটি শুধু একটি জয় নয়, বরং শিরোপা ধরে রাখার মিশনে শক্ত বার্তাও। আর সেই বার্তার কেন্দ্রে আছেন লিওনেল মেসি, যিনি বয়সকে হার মানিয়ে এখনও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!