ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মতামত প্রকাশ, তথ্য আদান-প্রদান এবং ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্মগুলোতে কাজ সহজ করতে ব্যবহৃত হয় বট (Bot) ও অটোমেশন প্রযুক্তি। তবে সাম্প্রতিক সময়ে এসব প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। ভুয়া ফলোয়ার বাড়ানো, মিথ্যা জনমত তৈরি, গুজব ছড়ানো কিংবা প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালানোর মতো কর্মকাণ্ডে বট ব্যবহার করা হচ্ছে। ইসলামের দৃষ্টিতে এসব কাজ কতটা বৈধ, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

বট মূলত একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার, যা নির্দিষ্ট কাজ দ্রুত ও নিয়মিতভাবে সম্পন্ন করতে পারে। ব্যবসা পরিচালনা, গ্রাহকসেবা, তথ্য ব্যবস্থাপনা কিংবা নির্ধারিত সময়ে পোস্ট প্রকাশের মতো বৈধ কাজে বট ব্যবহার করা যেতে পারে। কিন্তু যখন এই প্রযুক্তি মিথ্যা প্রচারণা, প্রতারণা বা মানুষকে বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হয়, তখন তা ইসলামের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে।

আরও পড়ুন- জুমার দিন যাদের গুনাহ মাফ করেন আল্লাহ

ভুয়া জনপ্রিয়তা অর্জনের জন্য অনেকে অর্থের বিনিময়ে হাজার হাজার ফলোয়ার, লাইক ও কমেন্ট সংগ্রহ করেন। এতে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থার চেয়ে বেশি জনপ্রিয়তার ধারণা তৈরি হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না এবং জেনেবুঝে হককে গোপন করো না।” (সুরা বাকারা, আয়াত: ৪২)

এ ধরনের কৃত্রিম জনপ্রিয়তা বাস্তবতা আড়াল করে মানুষকে বিভ্রান্ত করে। রাসুল (সা.) বলেছেন, “যে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।” (সহিহ মুসলিম, হাদিস: ১৮৪)

বর্তমানে অনেক প্রতিষ্ঠান বা ব্যক্তি বট ব্যবহার করে নিজেদের পক্ষে ভুয়া রিভিউ এবং প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য ছড়িয়ে দেয়। ইসলামে এটি মিথ্যা সাক্ষ্যের শামিল। আল্লাহ তাআলা বলেন, “মিথ্যা কথাকে পরিহার করো।” (সুরা হজ, আয়াত: ৩০)

সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ, অপমান এবং চরিত্রহননের জন্যও অনেক সময় বট নেটওয়ার্ক ব্যবহার করা হয়। হাজারো ভুয়া অ্যাকাউন্ট থেকে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কুৎসা রটানো ইসলামের দৃষ্টিতে গুরুতর অপরাধ। আল্লাহ তাআলা বলেন, “দুর্ভোগ প্রত্যেকের জন্য, যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী।” (সুরা হুমাযা, আয়াত: ১)

এ বিষয়ে রাসুল (সা.) বলেছেন, “মুসলিমকে গালি দেওয়া ফাসেকি, আর তার সঙ্গে লড়াই করা কুফরি।” (সহিহ বুখারি, হাদিস: ৪৮)

গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করাও আজকের ডিজিটাল বিশ্বের বড় সমস্যা। বট ব্যবহার করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। রাসুল (সা.) বলেছেন, “কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তা-ই প্রচার করে।” (সহিহ মুসলিম, হাদিস: ৭)

অন্যায়ের কাজে সহযোগিতা সম্পর্কেও কোরআনে স্পষ্ট নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, “পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় করো।” (সুরা মায়েদা, আয়াত: ২)

তাই শুধু বট পরিচালনাকারী নয়, বরং অর্থদাতা, অপপ্রচারকারী এবং যাচাই ছাড়া এসব তথ্য প্রচারকারীরাও গুনাহের অংশীদার হতে পারেন।

ইসলাম প্রযুক্তির ব্যবহারকে নিরুৎসাহিত করে না; বরং কল্যাণকর কাজে প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দেয়। তবে প্রযুক্তি যদি মিথ্যা, প্রতারণা, গুজব, চরিত্রহনন বা মানুষের মতামতকে কৃত্রিমভাবে প্রভাবিত করার হাতিয়ার হয়ে ওঠে, তাহলে তা ইসলামের দৃষ্টিতে হারাম। একজন মুসলমানের দায়িত্ব হলো বাস্তব জীবনের মতো ডিজিটাল জীবনেও সততা, আমানতদারি এবং আল্লাহভীতি বজায় রাখা।

আরও পড়ুন- ইসলামে ব্যবসায় কত শতাংশ লাভ করা বৈধ? যা বলছে কোরআন ও হাদিস

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!