নেত্রকোনার বারহাট্টায় পিকআপ ভ্যানে করে ইয়াবা ট্যাবলেট পরিবহনের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ভৈরব থেকে মোহনগঞ্জগামী একটি পণ্যবাহী পিকআপ ভ্যানে ইয়াবা বহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানা পুলিশ বারহাট্টা বাজার এলাকায় চেকপোস্ট বসায়। পরে সন্দেহভাজন পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পিকআপ ভ্যানের চালকসহ দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল মিয়া (২৮) এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আর্দশনগর এলাকার আব্দুল লতিফের ছেলে জাকিরুল ইসলাম (৩০)।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষো তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।