নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে পার্সো রাংখা (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা।

নিহত পার্সো রাংখা লিপসেন নকরেকের ছেলে এবং তার মাতা মৃত সুজলী বাংসা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক ১২টার পর ধানক্ষেত পাহারা দিয়ে একাই বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে দুর্গাপুর থানাধীন ভবানীপুর এলাকায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এ এলাকায় প্রায়ই বন্য হাতির উপদ্রব দেখা যায়।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।