নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ জুয়েল মিয়া (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নাগপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে চিহ্নিত মাদক কারবারি জুয়েল মিয়াকে আটক করে তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া উপজেলার নাগপুর এলাকার রুস্তম আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দুর্গাপুরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দুর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।