নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বানিয়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে আকস্মিক পরিদর্শন করেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষাকার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষকদের উপস্থিতি বিষয়টি বিশেষভাবে যাচাই করেন। এ সময় বিদ্যালয়ের মোট ছয়জন শিক্ষকের মধ্যে চারজন উপস্থিত ছিলেন। একজন শিক্ষক অনুমোদিত ছুটিতে থাকলেও অপর একজন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

তবে পরিদর্শনের সময় উপস্থিতি রেজিস্টার পর্যালোচনায় দেখা যায়, পাঁচজন শিক্ষকের স্বাক্ষর রয়েছে। কিন্তু সহকারী শিক্ষিকা হেলেনা আক্তারের স্বাক্ষর থাকলেও তাকে বিদ্যালয়ে উপস্থিত পাওয়া যায়নি, যা নিয়ে প্রশ্ন ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, শিক্ষকদের দায়িত্বশীলতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত না হলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার জানান, সহকারী শিক্ষিকা হেলেনা আক্তার প্রতিষ্ঠালগ্ন থেকেই এ বিদ্যালয়ে কর্মরত। পরিদর্শনের সময় তিনি পার্শ্ববর্তী এলাকায় তার মামার বাড়িতে অবস্থান করছিলেন। এমপি মহোদয়ের আগমনের খবর পেয়ে পরে তিনি বিদ্যালয়ে ফিরে আসেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঠোফোনে জানান, তিনি বর্তমানে কক্সবাজারে প্রশিক্ষণে রয়েছেন। ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শন শেষে সংসদ সদস্য ড. হিলালী বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।