সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের খুব শিগগিরই শর্তসাপেক্ষে নিয়োগ কার্যকর করা হবে।
শুক্রবার (১ মে) বিকেলে কচুয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠ-এ আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, প্রায় ১৪ হাজার ৩০০ সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষককে দ্রুত যোগদানের সুযোগ দেওয়া হবে। এতে দীর্ঘদিনের শিক্ষক সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, তড়িঘড়ি করে নিয়োগ পরীক্ষা নেওয়ায় বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে সব দিক বিবেচনা করেই সরকার নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করছে।
শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নিয়োগ দ্রুত সম্পন্ন হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের বদলি কার্যক্রমও শিগগিরই শুরু হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।